রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ৪০ ফিট এলাকায় অভিযানে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ অভিযানে যৌথ বাহিনী পাঁচজনকে আটকও করেছে বলে জানান তিনি।

এসআই মোমিন বলেন, গতকাল মধ্যরাতে যৌথ বাহিনীর কাছে তথ্য আসে যে- চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এমন খবরের প্রেক্ষিতে যৌথ বাহিনীর একটি দল চাঁদ উদ্যানের লাউতলায় গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।

এই আত্মসমর্পণকারীদের গ্রেপ্তার করার সময় তাঁদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের কাছে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়।

এসআই মোমিন আরও বলেন, গ্রেপ্তার পাঁচজনকে থানায় আনা হয়েছে। গুলিতে নিহত দুই ব্যক্তির সুরতহালের প্রক্রিয়া চলছে।