লেবাননে ইসরাইলের বিমান হামলায় বাংলাদেশি এক নারী প্রবাসী নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম দিপালী। লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় গত বুধবার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে এ হামলার শিকার হন তিনি। গতকাল শুক্রবার এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকায়। তার বাবা নাম শেখ মোফাজ্জল ও মায়ের নাম রোজিনা খাতুন।
লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহত দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় কনস্যুলার সহায়তার উদ্যোগ নিয়েছে। দূতাবাসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। নিহতের লাশ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ শনাক্ত ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলী বাহিনী। বুধবারের মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করেছে ইসরাইলী বিমান বাহিনী। নারকীয় এ হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সেইসঙ্গে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। এ অবস্থায় বৃহস্পতিবার এক জরুরি সতর্কবার্তায় লেবানন প্রবাসী বাংলাদেশিদেরকে বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো।