ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। সাময়িক শারীরিক অসুস্থতা কাটিয়ে তিনি আগামীকালের ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে হামিদুর রহমান আযাদ বলেন, গত কয়েকদিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং দেশবাসীর দোয়ায় তিনি হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যেসব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ জানান, শুক্রবার সকালে লংমার্চের কর্মসূচি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার পর তিনি প্রেস ব্রিফিংয়েও অংশগ্রহণ করেন। তবে ব্রিফিং চলাকালে হঠাৎ কিছুটা শারীরিক অসুস্থতা অনুভব করায় তাকে সেখান থেকে বিরত হতে হয়।

তিনি বলেন, এ ঘটনায় অনেকে হয়তো তাকে গুরুতর অসুস্থ মনে করছেন। তবে সে সময় তিনি সাময়িকভাবে কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন। বর্তমানে আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। যারা ভালোবাসার কারণে ফোন করে তার খোঁজখবর নিয়েছেন এবং নিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক। আগামীকালের লংমার্চে অংশগ্রহণের ঘোষণা দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “ইনশাআল্লাহ, আগামীকাল লংমার্চে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে।”

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশ গড়া, জনগণের অধিকার ও ন্যায়ের আন্দোলনে জনগণের সঙ্গে থেকে দায়িত্ব পালনের তাওফিক দেন। সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও দেশবাসীর হেফাজত কামনা করেন।