হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ছত্রভঙ্গে লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার পর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
এসময় আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। এর আগে জাতীয় জাদুঘরের সামনে আজ টানা চতুর্থ দিনের মতো অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে কিছু সময়ের জন্য শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এ নিয়ে অষ্টম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চার দিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার নির্দেশ দেন হাই কোর্ট। এরপর থেকে আন্দোলন করে আসছেন ফল বাতিল হওয়া শিক্ষক প্রার্থীরা।