আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভোগড়া বাইপাস মোড়ে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি পরিণত হয় অধিকার সচেতনতার এক শক্তিশালী মঞ্চে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, মানব সম্পদই সবচেয়ে বড় সম্পদ। শ্রমিকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে কোনো জাতিই টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তিনি আক্ষেপ করে বলেন, দেশের অধিকাংশ শ্রমজীবী মানুষ এখনও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত, ফলে সম্পদের সুষম বণ্টন ব্যাহত হচ্ছে এবং সামাজিক বৈষম্য বাড়ছে।
তিনি আরও বলেন, বিদেশে শ্রমিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ায় প্রতিবছর অসংখ্য মানুষ দেশত্যাগ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশে শ্রমিকবান্ধব নীতি, ন্যায্য মজুরি ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক নেতা কবির আহমেদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মনসুর আহমেদ, আসাদুজ্জামান ও আশরাফ আলী কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, চিকিৎসা ও আবাসনসহ মৌলিক অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।