আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে প্রেরিত বার্তা রোববার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৌঁছে দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদারের কাছে বার্তাটি পৌঁছে দেন। এ সময় মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও অফিস সেক্রেটারি আবু সিনা নূরুল ইসলাম মামুনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের কাছেও জামায়াতের সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে প্রেরিত বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমসহ জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তায় ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের চলাচল নির্বিঘ্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।