বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অজ্ঞ, তেমনি আমাদের সন্তানরাও অজ্ঞ। বর্তমান প্রজন্মের এমন অনেক মুসলিম সন্তান রয়েছে, যারা তাদের নবীর নামটিও ঠিকভাবে বলতে পারে না। অজ্ঞানতার এই অন্ধকার থেকে বের হয়ে আসতে হলে রাসূল মুহাম্মদ (সা.) সম্পর্কে জানতে হবে এবং তাঁর আদর্শ ধারণ করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহর জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির এ কে এম শামসুদ্দিন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শহর জামায়াতের বাইতুল মাল সম্পাদক মনির আহমদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান।
মাওলানা এটিএম মাছুম বলেন, ‘আমরা খোদাদ্রোহী শক্তিকে উৎখাত করে এদেশে কোরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। সেই লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, দলাদলি ও ফতোয়াবাজি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করা সহজ হবে এবং সমাজে শান্তির সুবাতাস বইবে।
উল্লেখ্য, ফেনী শহর জামায়াতের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে মোট প্রায় এক লাখ টাকা নগদ অর্থ এবং প্রত্যেক বিজয়ীর জন্য ক্রেস্ট ছিল।