যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পুষ্টির চাহিদা পূরণ এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মৎস্য খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়নগর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি এলাকা। এখানকার জলাশয়, নদ-নদী ও ঘেরকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ করা গেলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশবান্ধব ও বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষের পাশাপাশি প্রকৃত মৎস্যচাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও মৎস্য খাতের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্যচাষীদের পাশে থেকে উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. মহিউল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় মৎস্যচাষী এস. এম. আব্বাস আলী ও নওয়াব আলী সরদার। তারা বলেন, অভয়নগরে মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, মানসম্মত পোনা ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হলে এ অঞ্চলের মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষী এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভায় জাতীয় মৎস্য পক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ এবং টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।