বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেজাউল করিম শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আকিব হাসান, মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও মেহেরপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সোহেল রানা ডলার এবং জেলা অফিস সম্পাদক আবু রায়হান।
প্রধান অতিথি কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মেধাবীদের হাত ধরেই একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিনগুলোতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আজও সম্ভব হয়নি। দেশের এই মেধাবী কৃতি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সততার সমন্বয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আজকের এই সংবর্ধনা কেবল অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনের প্রেরণা হোক।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও শিক্ষা-উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।