আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ ও টাঙ্গাইল বাইপাস নগর জলফৈ পথসভা সফল করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আদর্শ সমাজ কল্যাণ ভবনের মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শহর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতিরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনে মোবারক বাবুল ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, জেলার কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ডা. আব্দুল হামিদ ও ওবায়দুল হক কোরাইশ, শহর আমির মিজানুর রহমান চৌধুরী, সদর আমির ইকবাল হোসাইন বাদল, জেলা শিবিরের সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।
সভায় জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, “১৯ সেপ্টেম্বর লংমার্চ জনসমুদ্রের ওপর দিয়ে টাঙ্গাইল অতিক্রম করবে, ইনশাআল্লাহ।”
তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে আয়োজিত লংমার্চ কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
জেলা আমির আরও বলেন, “দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল করতে টাঙ্গাইল জেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে রাজপথের এই কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করব, ইনশাআল্লাহ।”
সভায় লংমার্চ ও ১৯ সেপ্টেম্বর টাঙ্গাইল বাইপাসের পথসভা সফল করতে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।