কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।
মামলার বাদী উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত জালাল শেখের স্ত্রী মোছা: সখিনা বেগম অভিযোগ করে বলেন, তার ১৫ কাঠা জমি জাল দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নিয়েছেন একই গ্রামের জহর আলীর ছেলে মফিজ উদ্দিন।
তবে অভিযোগ অস্বীকার করে মফিজ উদ্দিন বলেন, জমিটি সখিনা বেগম ও তার তিন মেয়ে বিলকিস, পারভীনা ও শিল্পী স্বেচ্ছায় উপস্থিত থেকে রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে নিজ বাড়ি থেকে ১শ গ্রাম গাঁজাসহ আতিকুল ইসলাম (২৪) নামের এক যুবককেও গ্রেফতার হয়। গত ১০ মে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফেনী : ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। হামলায় আহত বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মাদকের টাকার জন্য অনলাইনে সংগ্রহ করা ছুরি দিয়ে ঘরের মধ্যে নিজের মাকে আঘাত করে ছেলে রাফি (২২)। এ সময় পাশের রুম থেকে মাকে বাঁচাতে বোন মিথিলা এগিয়ে এলে তাকে এবং পরে তাদের বাঁচাতে বাইরে থেকে বাবা মোস্তফা ভূঁইয়া ছুটে এলে তিন জনকেই ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে সে।
এরপর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাকী আক্তার (৫৫) মৃত্যুবরণ করেন। সদ্য প্রবাস ফেরত আহত মোস্তফা ভূঁইয়া (৬৫) ও আলিম শিক্ষার্থী মিথিলা ভূঁইয়াকে (১৮) ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর সহযোগিতায় রাতেই পুলিশ ঘাতক মোহাম্মদ রাফিকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লা মুরাদনগর উপজেলার ধামগর ইউনিয়নের নহল গ্রামের নজরুল ইসলাম খোকন এর জমির ভুট্টা জোরপূর্বক কেটে নিয়ে কলা গাছ লাগিয়ে জমি দখল করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী আঃরাজ্জাক গংদের বিরুদ্ধে।
এ বিষয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক নজরুল ইসলাম খোকন।
এলাকা সূত্রে জানা যায় যে, গত ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে অভিযুক্ত আঃরাজ্জাক গংদের নিকট হতে ৫ শতাংশ জমির ক্রয়ের বায়না পত্র করেন নজরুল ইসলাম খোকন, ৫শতাংশ জমির মূল্য ৩লাখ ৫০ হাজার টাকা দাম নির্ধান করে ৩ লক্ষ টাকা নগদ প্রদান করে বাকী ৫০ হাজার টাকা রেজিষ্ট্রেশন করার সময়ে দিবে এবং তিন মাসের মধ্যে জমি রেজিষ্ট্রেশন করার কথা বলে অঙ্গীকার নামায় সাক্ষর করেন অভিাযুক্ত আঃ রাজ্জাক গং। বিগত ৩ বছর অতিবাহিত হওয়ার পর ও জমি রেজিষ্ট্রেশন বা টাকা ফেরত কোনটাই না পেয়ে গত ৩ মে তারিখে কুমিল্লার আদালতে আঃ রাজ্জাক গংদেরকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নজরুল ইসলাম খোকন।
বিবাদীদের বিরুদ্ধে আদালতে মামলা করার বিষয়ে জানতে পেরে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আবারো ভুক্তভোগীদের হামলা করার জন্য দা, ছুরি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারের লোকজনের উপর হামলা করে, হামলার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, থানায় অভিযোগ ও আদালতে মামলা করার পর ও বিবাদী আঃ রাজ্জাক ও তার বাহিনী বাদীর ও তার পরিবারের উপর হামলা, হুমকির ভয়ে গত ১০ মে কুমিল্লার আদালতে আরো একটি মামলা দায়ের করেন।
অভিযোগকারী নজরুল ইসলাম খোকন এর অভিযোগ সত্যি বলে মনে হচ্ছে, অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ বিষয়ে মুরাদনগর থানার এস আই রুহুল আমিন বলেন জোরপূর্বক জায়গা দখলের বিষয়ে বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে গিয়েছি।
ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে ৯ জন আসামি গ্রেফতার হয়েছে। আজ দশ মে রবিবার পৃথকভাবে এ অভিযান চলে। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে।