কুষ্টিয়ার কুমারখালীতে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করা ক্ষুদে নামাজিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) কুমারখালী এমএন হাই স্কুল ঈদগাহ ময়দানে এমএন হাই স্কুল জামে মসজিদ কমিটির উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমারখালী এমএন হাই স্কুল জামে মসজিদের সাধারণ সম্পাদক ও কুমারখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, আবদুল সামাদ, মসজিদ কমিটির সদস্য রিয়াদ ও আরজু। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদের মুসল্লি সিদ্দিকুর রহমান বাবলু বিশ্বাস, পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারী ক্ষুদে নামাজিদের মাঝে নগদ ২০ হাজার টাকা, সাতটি স্কুলব্যাগ, ছয়টি ক্রেস্ট, ২৫টি তোয়ালে ও চারটি কোরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়া ৪০ দিনের কর্মসূচিতে প্রথম স্থান অর্জনকারীকে একটি সাইকেল পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং মসজিদমুখী করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিশুদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করবে বলে মনে করেন তারা।