মিরসরাই সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো প্রায় ১০ জন। গতকাল বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বারৈয়াহাট পৌর এলাকায় দফায় দফায় সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী মিরসরাইয়ে বিএনপির নাম ভাঙিয়ে ব্যাপক সন্ত্রাসী কর্মকা- চলতে থাকে। এতে ২ টি হত্যাসহ বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। শৃঙ্খলা ফেরাতে একাধিক নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ করে সতর্ক করা হলেও কোন পরিবর্তন আসেনি। তাই মিরসরাই উপজেলা বিএনপিকে সন্ত্রাসমুক্ত করতে মিরসরাই পৌরসভা, বারৈয়ারহাট পৌরসভা ও মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্তির ৩ দিনের মাথায় নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান অনুসারিদের পদপদবি থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ উঠে। নতুন কমিটির বিরুদ্ধে তাৎক্ষণিক ঝাড়ু মিছিল ও প্রতিবাদ জানায় নুরুল আমিন চেয়ারম্যান অনুসারিরা। নতুন কমিটির আয়োজনে বেশ কয়েকটি ইফতার মাহফিল পন্ড করে দিয়ে নিজেরা ইফতার মাহফিলের আয়োজন করে। সর্বশেষ গতকাল উপজেলা সদরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ করে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা নতুন কমিটি ও পদবঞ্চিত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা। উভয় পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকায় মিরসরাই সদরে ২৪ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়। মিরসরাই উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে নিজামপুর কলেজ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হলেও ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক সদস্য সচিব গাজি নিজামের নেতৃত্বে নুরুল আমিন চেয়ারম্যানের সহস্রাধিক অনুসারী।