গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি জোট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে গোডাউনের মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
গোডাউনের মালিকপক্ষের সদস্য হাবিবুর রহমান জানান, আকস্মিক আগুনে গোডাউনের সব মালামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা।