সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচিতে পশুর হাটের ইজারা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরেই এক ইজারাদারকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে বেলকুচি উপজেলা পরিষদ কার্যালয়ে পশুর হাটের উন্মুক্ত ডাক চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দৌলতপুর ইউনিয়নের ইউপি সদস্য ও ইজারাদার সোহেল মোল্লা উন্মুক্ত ডাকে অংশ নিতে গেলে একদল নেতাকর্মী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ইউএনও অফিসের তৃতীয় তলার হলরুম থেকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে মারধর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সোহেল মোল্লাকে ঘিরে ধরে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারছে।

আহত সোহেল মোল্লার অভিযোগ, পশুর হাটের ইজারায় অংশ না নিতে আগে থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। একটি প্রভাবশালী সিন্ডিকেট হাট নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। এরপরও উন্মুক্ত ডাকে অংশ নিতে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপত্তা শঙ্কার কারণে ক্যামেরার সামনে বিস্তারিত কথা বলতে রাজি হননি ভুক্তভোগী সোহেল মোল্লা।

এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।