শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ (২০-২৫ এপ্রিল) উপলক্ষে খুলনায় ‘শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, শিক্ষাখাতের বাজেট বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। রোববার বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার দীপেন সাধক রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন। সভায় আশ্রয় ফাউন্ডেশনের বনশ্রী ভান্ডারীর সঞ্চালনায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তারুন্নেসা, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, দলিত সংগঠনের অঞ্জলি মন্ডল, অভিভাবক লায়লা পারভীন এবং শিক্ষার্থী আজিজুল ইসলাম হৃদয়, রশনি ইসলাম ও মো. রাফেক হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে নকশা প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন, ভর্তি ফি’র নামে শিক্ষা বাণিজ্য বন্ধ, বাজেট বৈষম্য দূরীকরণ, অনলাইন ক্লাসের নামে শিক্ষার্থীদের বিভ্রান্তিকর প্রবণতা রোধ এবং কোচিং ও বদলি বাণিজ্য বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তারা।