২০২৪ সালের ৫ আগস্টের পর কিশোরগঞ্জে দেড় হাজারের বেশি সাবেক ও বর্তমান জনশক্তির অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মিলনমেলা-২০২৬ আজ (৩০ মে) অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ শহরের গাইটালস্থ আলমগীর হোসেন সিটি কনভেনশন হলে আয়োজিত এ মিলনমেলায় কিশোরগঞ্জ জেলার জেলার বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান জনশক্তিরা অংশগ্রহণ করেন।
বর্তমান জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুজাহিদ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৫ (কাপাসিয়া) আসনের সাংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রোকন রেজা শেখ, সাবেক জেলা সভাপতি ফায়জুল হক উজ্জ্বলসহ জেলার সাবেক সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বত নগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, ঢাকা ওয়ারী থানা আমির কটিয়াদীর কৃতি সন্তান মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান নাদিম, কিশোরগঞ্জ সদর উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম, ডক্টর মাসুদুর রহমান প্রমুখ।
মিলনমেলায় ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সাবেক ও বর্তমান প্রায় দেড় হাজারের অধিক জনশক্তি (কর্মী, সাথী, সদস্য) অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে তারা অতীত স্মৃতিচারণ, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত শৃঙ্খলিত এবং শান্তিপূর্ণ। সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত তিন পর্বে জনশক্তি মিলনমেলা অনুষ্ঠিত হয়। আগত সকল জনশক্তির জন্যই সকাল বেলার নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা ছিল।
সভাপতির বক্তব্যে ফকির মাহবুবুল আলম বলেন, ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল ছাত্রসংগঠন। প্রতিবছর অসংখ্য কর্মী ছাত্রত্ব শেষ করে সংগঠনের নিয়মিত কার্যক্রম থেকে বিদায় নেন। অতীতে নানা প্রতিকূলতার কারণে তাদের একত্রিত করার সুযোগ সীমিত ছিল। আজকের এই আয়োজনের মাধ্যমে সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ সাবেক ভাইদের অবদান স্মরণ, তাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের কাছে তাদের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জুম মিটিংয়ে যুক্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম সাবেক জনশক্তিদের উদ্দেশ্যে বলেন, সাবেক জনশক্তি ভাইয়েরা বর্তমান জনশক্তিদের অভিভাবক। বর্তমান জনশক্তিদেরকে যেন সাবেক ভাইয়েরা অভিভাবকের মত মনে করে সার্বিক খোঁজ-খবর রাখেন এবং কিশোরগঞ্জে ছাত্রশিবিরের কাজকে বেগবান করতে সর্বাত্মক সহায়তা করে।
প্রধান আলোচকের বক্তব্যে সালাহউদ্দিন আইয়ুবী এমপি বলেন, “ইসলামী ছাত্রশিবির একটি আদর্শভিত্তিক ছাত্রসংগঠন, যা শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সাবেক জনশক্তিরা এর অন্যতম শক্তি। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও সমৃদ্ধ হয়।”
তিনি আরও বলেন, “কিশোরগঞ্জে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং গতিশীলতা বৃদ্ধি করতে সাবেক ভাইদের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সাবেক বর্তমান জনশক্তি মিলনমেলায় অংশগ্রহণকারী জনশক্তিরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন সাবেক ও বর্তমান জনশক্তির মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে সাবেকদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা বর্তমান প্রজন্মকে পথচলায় সহায়তা করবে এবং ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করবে।
অনুষ্ঠান শেষে ধুমকেতু শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় এবং কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির অংশগ্রহণ একটি মনৈজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।