রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বাজারে টাকাগুলো ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।

ডিসি মিডিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মো. মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে চার লাখ জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি বলেন, মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে ২টার দিকে গাজীপুর মহানগর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে আরও ৩০ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৩টি কালার প্রিন্টার, ১ রোল সোনালী রংয়ের ফয়েল পেপার, ২০০ টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ১০০টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অপর পাশে সাদা, ২ লিটারের ২টি তরল জাতীয় গাম, ১টি কাটার এবং জলছাপ বসানোর ২টি ডাইস উদ্ধার করা হয়।

ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা জাল টাকা তৈরী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপনি বিতানে তাদের তৈরীকৃত জাল টাকাগুলো তাদের বিভিন্ন সহযোগীর মাধ্যমে বাজারে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।