জীবনের কঠিন বাস্তবতায় যখন একটি পরিবার হারিয়ে ফেলে তার প্রধান অবলম্বন, তখন অনেক স্বপ্নই থেমে যায়। ঠিক সেই থেমে যাওয়া স্বপ্নকে নতুন করে জাগিয়ে তুলতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এক অসহায় নারীকে স্বাবলম্বী করে তুলতে একটি টেইলারিং শপ স্থাপন করে দিয়েছে সংগঠনটি।

রোববার (২৪ মে) গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে টেইলারিং শপটির উদ্বোধন করা হয় এবং উদ্যোক্তা নারীর হাতে দোকানের চাবি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে মানবিকতা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিবারের আর্থিক সংকট দূর করতে সহানুভূতির পাশাপাশি প্রয়োজন টেকসই সহায়তা। রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের এই উদ্যোগ শুধু একটি দোকান উপহার দেওয়া নয়, বরং একজন নারীকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার বাস্তব প্রয়াস।

অনুষ্ঠানে অতিথিরা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান পরিবর্তন সম্ভব। মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রোটারি নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর কবির, প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম, ভাষা শহীদ বরকত পরিবারের সদস্য আইনুদ্দিন বরকত টুটুল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান রুহুল কুদ্দুস মিলু, রোটারিয়ান এটিএম মহিবুল ইসলাম, রোটারিয়ান মোঃ মাহতাব আলম, রোটারিয়ান মাজহারুল কবির, রোটারিয়ান আলমগীর হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।