ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলা এলএসডিতে (লোকাল সাপ্লাই ডিপো) কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে “কৃষক সহায়তা বুথ” চালু করা হয়েছে।
খাদ্য বিভাগের উদ্যোগে স্থাপিত এ বুথ থেকে কৃষকদের ধান সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষকরা এখানে ধান বিক্রির নিবন্ধন প্রক্রিয়া, সরকার নির্ধারিত মূল্য, প্রয়োজনীয় কাগজপত্র, ধান সরবরাহের সময়সূচি ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে সরাসরি তথ্য পাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের ভোগান্তি কমবে এবং স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় সরকারিভাবে ধান বিক্রির সুযোগ নিশ্চিত হবে।
কৃষক সহায়তা বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন উপ-খাদ্য পরিদর্শক মোঃ তারিকুল ইসলাম অভীন এবং সহকারী উপ-খাদ্য পরিদর্শক মোঃ শামীম আহসান। তারা জানান, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী কৃষকদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও সহজে তথ্যসেবা পৌঁছে দিতেই এ সহায়তা বুথ চালু করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, কৃষকবান্ধব এ উদ্যোগের মাধ্যমে ডিমলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম আরও সফল, স্বচ্ছ ও গতিশীল হবে।