কক্সবাজার সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সহধর্মীনি মরিয়ম বেগম (৫৪) এর নামাযে জানাযা সীমান্ত উপজেলা টেকনাফ হোয়াইক্যং কানজরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন মরহুমার স্বামী জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী।

তিনি জানাযাপূর্ব সমাবেশে আবেগঘন বক্তব্যে বলেন, আমি সাক্ষী দিচ্ছি আমার স্ত্রী একজন সৎ ও নেককার মহিলা ছিলেন।আল্লাহ, আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, আল্লাহ তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। এভাবে কান্নাজড়িত কণ্ঠে সুখ-দুঃখের জীবনসঙ্গীনিকে চিরবিদায় জানান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। জানাযা শেষে মরহুমা মরিয়ম বেগমকে স্থানীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, নুর আহমদ আনোয়ারীর সহধর্মীনি মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। সর্বশেষ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল থেকে সুস্থতাবোধ করলে রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের বাসায় নিয়ে আসা হয়। বাসায় ফেরার পর ফের গুরুতর অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে কক্সবাজার ইউনিয়ন হসপিটাল ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সংসার জীবনে মরহুমা মরিয়ম বেগম ৫ মেয়ে এবং ১ ছেলে সন্তানের জননী ছিলেন।

এদিকে কক্সবাজার জেলা আমীর মাওলানা নুর আহমদের সহধর্মীনির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কক্সবাজার-৩ সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তারা মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

অনুষ্ঠিত নামাযে জানাযায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর পরিবেশ বিজ্ঞানী মো. নজরুল ইসলাম, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিব উল্লাহ, এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক সেক্রেটারি ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এডাভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সরোয়ার জাহান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম লুৎফুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, কক্সবাজার শ্রমিক জামায়াতের সভাপতি শামসুল আলম বাহাদুর, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আফিস সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।