ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার গত ২৪ ও ২৫ মে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকা-ের উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
২৪ মে ডিমলা উপজেলার ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় দ্রুত জিও ব্যাগ স্থাপন ও বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। পরে একই ইউনিয়নের তারিপাড়ায় একটি ব্রিজ ও মসজিদের টাইলস নির্মাণ কাজের উদ্বোধন করেন।
২৫ মে ৫নং গয়াবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে কাঁচা রাস্তায় মাটি ভরাট কাজের উদ্বোধনের পর ৮নং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতনামা কেল্লাপাড়ায় কাঁচা রাস্তায় মাটি ভরাট কাজ উদ্বোধন করেন। এরপর একই ইউনিয়নের চৌধুরীপাড়ায় ঈদগাহ মাঠে মাটি ভরাট কাজেরও উদ্বোধন করেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া ব্যবসায়ীদের মাঝে লবণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।