মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

এই তিনজন হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) ও তাদের আট মাসের শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য।

রাতে খাবার খেয়ে চিন্ময় তাঁর পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। মধ্যরাতে চিন্ময় ও তাঁর স্ত্রীর মধ্যে হট্টগোল টের পেয়ে দিবাগত রাত তিনটার দিকে মিষ্টি বাড়ৈ সদর মডেল থানার পুলিশকে কল করেন। পুলিশ ওই বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, চিন্ময় প্রথমে তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। এ সময় তাদের শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।