চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো।

বুধবার টাইগারপাস সচিক কার্যালয়ে নগরীর খাল, নালা সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং উন্নয়ন কাজের সমন্বয় জোরদারে গঠিত ১৯ সদস্যের সমন্বয় কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

মেয়র জানান, গত বছর সমন্বিত প্রচেষ্টায় ৫০-৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদসহ নিচু এলাকায় আগের মতো পানি জমেনি। এবার সেই অগ্রগতি আরও বাড়িয়ে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ দখল, ফুটপাত ও সড়কে হকার বসা এবং প্লাস্টিক-পলিথিন বর্জ্য ড্রেনেজ ব্যবস্থার বড় বাধা। এসব বর্জ্য নালা-খালে জমে পানি চলাচল বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এজন্য আইন প্রয়োগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা জরুরি।

সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম প্রবর্তক মোড় এলাকার ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি ভবন ও ইউএস কর্নার সংলগ্ন একটি স্থাপনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জবাবে মেয়র আগামী ১০ দিনের মধ্যে ভবন অপসারণে উদ্যোগ নেয়ার নির্দেশ দেন।

সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বলেন, ৩৬টি খালের প্রায় ১০০ কিলোমিটার অংশ সচল করে জলাবদ্ধতা ৮০ শতাংশ কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।