যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার উদ্যোগে ‘সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে পুলেরহাটস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ, চিকিৎসক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। তিনি বলেন, কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ইসলামী মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি বলেন, পবিত্র কুরআন শুধু তিলাওয়াত ও মুখস্থ করার কিতাব নয়; এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করা গেলে নৈতিক, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে সন্তানদের সঠিক পথে পরিচালিত করা অভিভাবকদের জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার বিকল্প নেই। তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা কুরআন হিফযের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।
গাজী এনামুল হক আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের মেধা, নৈতিকতা ও যোগ্যতার বিকাশ ঘটাতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের মতো গুণাবলিতে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোনাল ইনচার্জ আ.খ.ম. মাসুম বিল্লাহ বলেন, তানযীমুল উম্মাহর লক্ষ্য শুধু শিক্ষার্থীদের হিফয সম্পন্ন করানো নয়; বরং কুরআনের আলোকে তাদের জ্ঞান, চরিত্র, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলা। সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইসলামী শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সাধারণ শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, বাংলাদেশ মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সনজয় সাহা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক ও বিচারক হাফেয মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম, যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
বক্তারা বলেন, কুরআন হিফযের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার উদ্যোগ প্রশংসনীয়। এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে কুরআনের আলোয় আলোকিত, জ্ঞানী, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান, কুরআন তিলাওয়াত ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।