দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্প। খাল কাটা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখে। তিনি খালকাটাসহ সাতক্ষীরার সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ শুরু করা হয়েছে বলে জানান। মুহাদ্দিস আব্দুল খালেক ১১ মে সকাল ১১টায় দেবহাটার পারুলিয়া ইউনিয়নের বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা যে যাই দল করিনা কেন দেশ, জাতি ও এলাকার উন্নয়নে সর্বদা একসাথে কাজ করবো। তিনি এই খালসহ জেলার একাধিক খাল কাটা হবে উল্লেখ করে জানান, এই কাজে কোন গাফিলতি বা দুর্নীতি কেউ করবেনা আর এজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২৫ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে উক্ত খালকাটা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন, দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা থানার ওসি আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৫ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার উক্ত খালটি খনন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন : দেবহাটা উপজেলার কোমরপুর দাখিল মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে দুপুর সাড়ে ১২টায় মাদরাসা প্রাঙ্গণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নতুন ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, একটি দেশের উন্নয়নে শিক্ষার উন্নয়ন অত্যাবশ্যকীয়। শিক্ষার উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। তিনি বলেন, কোমরপুর দাখিল মাদরাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্রীজ কালভার্টের উন্নয়নসহ সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে কাজ করা হবে বলে জানান।