দৈনিক সংগ্রামের কার্যক্রমকে আরও গতিশীল করা, পাঠকসংখ্যা বৃদ্ধি, গণমানুষের আস্থা সুদৃঢ় করা এবং দেশের বিভিন্ন অঞ্চলের জনদুর্ভোগ, অধিকার ও প্রত্যাশার বিষয়গুলো আরও কার্যকরভাবে সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে যশোর সফর করেছেন পত্রিকাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (১৩ জুন) সকালে দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মো. মোবারক হোসাইন, নিউজ এডিটর সামছুল আরেফীন এবং জেনারেল ম্যানেজার মো. আবুল হোসাইন চৌধুরী যশোরে এসে সম্ভাব্য জেলা অফিস স্থাপনের বিষয়সহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। সারা দেশের জেলা পর্যায়ে চলমান পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তারা গতকাল খুলনা সফর করেন এবং পরবর্তীতে যশোরে মতবিনিময় ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
সকাল ৯টায় যশোর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর সভাপতি ওবায়দুল্লাহ হুসাইন, যশোর জেলা পশ্চিম সভাপতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, আমানুল্লাহ সাদিক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় দৈনিক সংগ্রামের প্রচার ও প্রসার, পাঠক চাহিদা, সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সংবাদে তুলে ধরার কৌশল এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রকাশের ওপর আলোচনা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণমানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও ন্যায্য দাবিগুলো সংবাদপত্রের মাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে পারলে পাঠকের সঙ্গে পত্রিকার সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক সংগ্রাম দেশের মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।
পরে প্রতিনিধি দলটি যশোরের নতুন সকালের বার্তাসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার অফিস পরিদর্শন করেন এবং প্রেসক্লাব যশোরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও চ্যানেল আই যশোর জেলা প্রতিনিধি এবং কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আকরামুজ্জামান; দৈনিক নয়া দিগন্তের যশোর অফিস ইনচার্জ ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. আইউব; বিএফইউজের সাবেক সহকারি মহাসচিব, মানবজমিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুর ইসলাম; দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার, দৈনিক সুবর্ণভূমির সিনিয়র স্টাফ রিপোর্টার তৌহিদ জামান; দৈনিক নতুন সকালের বার্তার সহকারি সম্পাদক জাহিদুল কবির লিটন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, স্বদেশ প্রতিদিনের যশোর জেলা প্রতিনিধি কাজী রফিকুল ইসলাম, শেখ জালালউদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা যশোর অঞ্চলের সংবাদ সম্ভাবনা, পাঠক চাহিদা, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং জেলা পর্যায়ে গণমাধ্যমের বর্তমান বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। দৈনিক সংগ্রামের কর্মকর্তারা এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
সফর শেষে প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, যশোরে কার্যকর অফিস স্থাপনের মাধ্যমে দৈনিক সংগ্রামের সাংবাদিকতা কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং গণমানুষের কথা আরও ব্যাপকভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।