দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মেঘনা উপজেলা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলী গ্রামে নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের আব্দুল মৃধার ছেলে এবং স্থানীয় সাংবাদিক বাতেন মৃধার ছোট ভাই। আহতরা হলেন বাতেন মৃধার পক্ষের আব্দুল আজিজ (৩৮) ও কামাল (৩৫)। অপরদিকে আহত হয়েছেন চন্দনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (৪৭) এবং তার শ্যালক মো. হালিম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ির পাশ দিয়ে গ্রামবাসীর উদ্যোগে একটি কাঁচা রাস্তা নির্মাণের কাজ চলছিল। রাস্তার একটি অংশ বাতেন মৃধার জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য শুক্রবার রাতে প্রতিবেশী আলী আহম্মেদের বাড়িতে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বাতেন মৃধার পক্ষের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। স্থানীয়দের দাবি, সালিস শেষে বাড়ি ফেরার পথে ভুট্টাখেতের কাছে হামলার শিকার হন নাছির উদ্দীন। তার চিৎকার শুনে শ্যালক হালিম এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।