ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে এক মাসে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি কুল্লা ইউনিয়নের মাকুলিয়া এলাকায় আসকির নগর আবাসন প্রকল্পের ভিতরে দিনের বেলায় স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ।

২০ মার্চ ধামরাই উপজেলার জালসা গ্রামে মাটির ব্যাবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম (৫২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ২৮ মার্চ ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিশাযী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা সৈয়দা শিরিন আক্তার (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে। ১২ মার্চ উপজেলার কুল্লা ইউনিয়নের মাকুলিয়া এলাকায় আসকির নগর আবাসন প্রকল্পের ভেতরে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ৩১ মার্চ ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় তাকওয়া কনজ্যুমার ফুড লিমিটেড কারখানার নৈশ্য প্রহরীদের হাত, পা, মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ১০/১২ জন ডাকাত কারখানা থেকে নগদ ৩ লাখ টাকা কম্পিউটার সরঞ্জাম সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এদিকে ধামরাইয়ে এক মাসে ৩টি হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ জনগণ এখন আতঙ্কিত হয়ে পরেছে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে। ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়ে পড়েছে।