বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা এতোদিন মজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেম হয় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা মোজাফর গার্ডেন এন্ড রির্সোটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি ছাত্রশিবির হচ্ছে বিশ্বের সকল ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। একটি মেধাবী, আদর্শিক ও নৈতিকতা সম্পন্ন ছাত্র সংগঠন। মেধার চর্চা এবং মেধাবী শিক্ষার্থী তৈরি যার উদ্দেশ্য। তাদেরকে গুপ্ত বলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

শিবির সভাপতি বলেন, বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিতের জন্য শিবির যখন আন্দলন করছে তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবী করা সংগঠনের নেতারা ছিনতাই খুন, ধর্ষণ, টেন্ডারবাজি-চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। ক্যাম্পাসগুলোতে শিবিরের কর্মসূচিগুলোতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে তখন অন্য ছাত্র সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনেও তাদের কর্মসূচি সফল করতে পারছে না। ঠিক তখনই তারা ছাত্র শিবিরকে তারা গুপ্ত বলছে। শিবির সভাপতি বলেন, তাদের সেই বস্তাপঁচা রাজনীতি দেখে ছাত্র ছাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

শিবির সভাপতি সাদ্দাম বলেন, ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা ছাত্রশিবিরের মূল লক্ষ্য। ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও মাদক নির্মূল করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি বদ্ধপরিকর।

সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন নুরুল ইসলাম সাদ্দাম। ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি। নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরকে এগিয়ে আসতে হবে।

“ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ” এই শ্লোগানকে ধারন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন নবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুহা: ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নাযেবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো:ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারী ও সাবেক শিবির সভাপতি মো: ওমর ফারুকসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা। সম্প্রীতির টানে শিকড়ের পানে শ্লোগানে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক শিবিরের সভাপতি, সেক্রেটারীসহ কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।