স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

দেশকে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা থেকে ধীরে ধীরে স্বাবলম্বিতার পথে এগিয়ে নিতে গাজীপুরের কামতা গ্যাস ফিল্ডে নতুন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী গাজীপুরের কামতা ও ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে মোট চারটি কূপ খননের মাধ্যমে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা করা হচ্ছে।

বুধবার দুপুরে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত কামতা-২ গ্যাস কূপের মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন (স্পাড-ইন) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। এ সময় তিনি বলেন, 'জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। স্থানীয়ভাবে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে শিল্পখাতকে সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানোই আমাদের মূল লক্ষ্য।'

তিনি আরও বলেন, 'অনেক শিল্প উদ্যোক্তা গ্যাস সংকটের কারণে কারখানা প্রস্তুত রেখেও পূর্ণ উৎপাদনে যেতে পারছেন না। নতুন কূপগুলো চালু হলে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতির গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।'

প্রতিমন্ত্রী বলেন, 'তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার জনগণকে এই বার্তা দিতে চায় যে, আমরা ধীরে ধীরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে এনে দেশকে স্বাবলম্বী করার পথে এগিয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এটি সম্ভব হলে জনগণের জীবনযাত্রায় স্বস্তি যেমন আসবে, তেমনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃহৎ পরিকল্পনাও বাস্তবায়ন সহজ হবে।”

সাম্প্রতিক জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সরকার বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানে কাজ করছে।

আবাসিক গ্যাস সংযোগ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের অগ্রাধিকার শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। তিনি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য শিল্প ও পাওয়ার প্ল্যান্ট সচল রাখা। এরপর আবাসিক খাতে গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিজিএফসিএল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, চেয়ারম্যান পেট্রোবাংলা মোঃ আব্দুল মান্নান এবং পেট্রোবাংলার পরিচালনা পর্ষদের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, পেট্রোবাংলা ও বিজিএফসিএল-এর কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা, সমন্বিত খনন ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি’র প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।