বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। সোমবার বিকেলে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজীপাড়া এলাকার জেনি আক্তার (৩৮) ও তার মেয়ে তাইফা আয়েশা তনু (২০)।
এ দূর্ঘটনায় রিকশা-ভ্যান চালক মো. শাওন (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে ভ্যানযোগে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।