আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকরণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত যানজটপূর্ণ টোল প্লাজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত ২১ মে হতে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি’র) ০১ সেকশন বিজিবি সদস্য (১০ জন) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আত্রাই টোল প্লাজা এলাকায় মোতায়েন রয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ জেলা ও স্থানীয় উপজেলা প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সাথে সমন্বয়পূর্বক যানজট নিরসন, যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত ও শৃঙ্খলা বজায় রাখা, টোল প্লাজা এলাকায় যাত্রী জনসাধারণের দুর্ভোগ লাঘবে দায়িত্ব পালন করছে।

বিজিবি'র এই কার্যক্রম আগামী ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ে বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে । তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছে।