গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে শুরু হয়েছে বোরো-ইরি ধান কাটা মাড়াই। আর এ ধান কাটা কে কেন্দ্র করে কৃষি শ্রমিকের পদচারণা লক্ষ্যণীয়।
গোপালপুরে বর্তমানে ধান কাটার শ্রমিকের দৈনিক মজুরি ৯শ’ থেকে ১ হাজার টাকা। এছাড়াও তিন বেলা খাবার দিতে হচ্ছে শ্রমিকদের।
উপজেলার ঝাওয়াইল বাজার এবং বেলুয়া হাটখোলায় প্রতিদিন কৃষি শ্রমিকের হাট বসে। ধান কাটার কৃষি শ্রমিকরা দলে দলে ধান কাটার কাঁচি ধানের আটি বহন করার রশি, স্থানীয় ভাষায় বাঁশের তৈরি বাংসহ হাজির হচ্ছেন।
বিভিন্ন স্থান থেকে প্রান্তিক কৃষকরা সেখানে এসে মজুরি দামদর করে, দামদর সঠিক হওয়ার পর কৃষি শ্রমিকদের কাজের স্থলে নিয়ে যান।
প্রতিদিন ফজরের নামায পর থেকে সকাল হওয়া পর্যন্ত জমজমাট থাকে কৃষি শ্রমিক ( স্থানীয় ভাষায় কামলার) হাট।
সরোজমিন দেখা গেছে, ঝাওয়াইলে অসংখ্য শ্রমিক বসে আছেন। কৃষকদের মাঝে প্রতিযোগিতা চলছে কার আগে শ্রমিকদের চাহিদা অনুযায়ী মজুরির বিষয়টা ফয়সালা করে মাঠে নিয়ে যাবেন।
জানা গেছে স্থানীয় শ্রমিক ছাড়াও দেশের উত্তরাঞ্চলের রংপুর,দিনাজপুর,পঞ্চগড়, সিরাজগঞ্জ শত শত শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে টাংগাইলের গোপালপুরে আসেন। প্রায় এক মাস থাকার পর নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি পৌর এলাকায় এবার ১৪০২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। সেখান থেকে প্রায় ৬০% ধান সংগ্রহ হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে বাকি ৪০% ধান এক সপ্তাহের মধ্যে সংগ্রহ হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার ১২৭ মেট্রিক টন।