নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সুমন (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ এলাকার নারায়ণের ছেলে।

এ ঘটনায় আঘাতকারী হিসেবে হাতেম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে পৌর টার্মিনালের চালক ও শ্রমিকরা। আটক হাতেম (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকার বাসিন্দা।

শনিবার সকাল ১০টার দিকে ফতুল্লার পঞ্চবটি পৌর টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সুমন ও হাতেম ফতুল্লার পঞ্চবটী পৌর টার্মিনাল সংলগ্ন বোডবাড়ী এলাকার নুরী মিয়ার বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সুমন ট্রাকচালক এবং হাতেম একই টার্মিনালে অন্য একটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হাতেম নিয়মিত মাদক সেবন করতেন। এ বিষয়ে সুমন প্রতিবাদ করেন এবং বাড়ির মালিককেও বিষয়টি জানান। এতে হাতেম তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। শনিবার সকালে সুমন কাজে যাওয়ার পথে পৌর টার্মিনালের সামনে পৌঁছালে হাতেম পেছন থেকে কাঠের টুকরা দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে আঘাত করেন। এতে সুমন গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।