গতকাল বুধবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড.এম কোরবান আলী এবং জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম ঈদুল ফিতরের পূর্বেই এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ ঈদ উৎসব ভাতা প্রদান করার আহবান জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিক্ষাই জাতির উন্নতির চাবিকাঠি একথা মনে রেখে জাতিকে সুশিক্ষিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করতে শিক্ষকদের ভূমিক অপরিসীম। আর এ ধরনের যোগ্য শিক্ষক পেতে হলে চাই তাদের জন্য উপযুক্ত সম্মানী বেতন-ভাতা, পদোন্নতি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ইত্যাদির।
নেতৃদ্বয় আরো বলেন, অতীতে জোট সরকার এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার কর্মচারীদের ৫০% এবং শিক্ষকদেরকে ২৫% উৎসব ভাতার ব্যবস্থা করেছিলেন। কিন্তু শিক্ষক-কর্মচারীদের দাবি ছিলো বছরে দুই ঈদে দুইটি পূর্ণাঙ্গ ঈদ উৎসব ভাতা অর্থাৎ বেতন স্কেলের ১০০% উৎসব ভাতা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, পতিত স্বৈরাচারী সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তাই নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি হচ্ছে ২০২৫ সালের আসন্ন ঈদুল ফিতর থেকে পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদান এবং সাথে সাথে বেসরকারি সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিশেষ অনুদান প্রদান করবেন। প্রেস বিজ্ঞপ্তি।