খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে মাকড়সার কামড়ে মো. ইব্রাহীম নামের এক যুবক মৃত্যু বরণ করেছ।
গত ৯ মে রাতে নিজ ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবারের দাবি, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কালো মাকড়সা তার ঘাড়ে কামড় দেয়। পরে অসুস্থ হয়ে সকালে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহীম উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) খাড়িছড়া এলাকার বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে ও তিন সন্তানের জনক।
ঘটনাস্থলে তার ঘাড়ের পাশেই একটি কালো মাকড়সাও পাওয়া গেছে বলে জানিয়েছে স্বজনরা।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার ঘাড়ের পাশে কিছুটা লালচে ফোলা দাগ দেখা গেলেও স্পষ্ট ক্ষতচিহ্ন ছিল না। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজন চিকিৎসাবিজ্ঞানভিত্তিক পরীক্ষা ও তদন্ত। কারণ বিশ্বে কিছু বিষাক্ত মাকড়সা মানুষের জন্য প্রাণঘাতী হলেও এমন ঘটনা অত্যন্ত বিরল।