হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামরোগে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫৭৪ জনে দাঁড়িয়েছে।
গতকাল মানিকগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাতথ্য মতে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ২৫ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এরোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক ।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান,নতুন শনাক্তদের মধ্যে ২৫ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৪১৩ জন রোগী। বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে আরও ৮৬ জন ভর্তি রয়েছে। উপজেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়,মানিকগঞ্জ সদর, সিংগাইর, সাটুরিয়া, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় গত এক দিনে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে জেলা সদর ও বড় হাসপাতাল গুলোতে আক্রান্ত রোগী দেখাযায়। বিশেষ করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেলা হাসপাতালে অধিকাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। শিশুদের নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। হাম থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
তাড়াশ (সিরাজগঞ্জ) : চলনবিলে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। নাটোর পাবনা ও সিরাজগঞ্জের তাড়াশ চাটমোহর ভাঙ্গুড়া গুরুদাসপুর সিংদা উল্লাপাড়া রায়গঞ্জ সলঙ্গাসহ চলনবিলের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শত শত শিশু ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন রোগী। গতকাল রোববার (১০ মে) সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫৭ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সদর হাসপাতালে ৬ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, শাহজাদপুরে ২ জন, উল্লাপাড়ায় ২ জন, বেলকুচিতে ২ চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।