তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খননকারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার স্ত্রীকে হেনেস্তার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ এপ্রিল) সিরাজগঞ্জের স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে বেলা ১১ দিকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা ও তার স্ত্রী ফারজানা পারভীন।

গোলাম মোস্তফা বলেন, গত সোমবার (ঈদের দিন) আমি বগুড়া থেকে বাড়ি ফিরছিলাম। রাত সাড়ে ১১ টার দিকে তাড়াশ রানীহাট আঞ্চলিক সড়কে আমাদের প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটে। এ অভিযোগ করতে গেলে তা আমলে না নিয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমার স্ত্রীকে শ্লীলতাহানি করেন। এসময় তার বিরুদ্ধে কেন নিউজ করেছি তা জানতে চায়। তাছাড়া আমাকে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। আমি বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

এর আগে গত ২৩ মার্চ ‘টাকা দিলেই অবৈধ পুকুর খনন বৈধ হয়ে যায়’ শিরোনামে ইত্তেফাক অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খননকারীদের থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরের বিরুদ্ধে।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের মুঠোফোনে বলেন, সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা ও তার স্ত্রী ফারজানা পারভিন আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।