খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিল সংলগ্ন এলাকায় প্রকাশ্যে একজনকে গুলী করেছে দুর্বৃত্তরা। রবিবার(১৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। গুলীবিদ্ধ ব্যক্তির নাম আলী নুর ডাবলু(৪৮)। তিনি নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এতিম আলীর পুত্র। এছাড়া তিনি আইনমন্ত্রী আসাদুজ্জামানের চাচাতো ভাই বলে একটি সূত্র জানালেও কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, “এমন কোন তথ্য তার জানা নেই”।

ওসি বলেন, গুলীর খবর পেয়ে তিনিসহ কেএমপির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গুলীবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক ও স্বজনদের সূত্রে জানা গেছে, ডাবলুর বাম হাতে পরপর তিনটি গুলী লাগে। গুলীগুলো এখনো শরীরের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো অপসারণের প্রস্তুতি চলছে।

আহতের স্বজনদের দাবি, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তারা জানান, ডাবলু সিএন্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত এবং খুলনা ও ঢাকায় তার অফিস রয়েছে। সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় বাসার নিচে দাঁড়িয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলী চালায়।

এক স্বজন বলেন, বাসায় গিয়ে চাঁদা চাওয়া হয়েছিল। চাঁদা না দেওয়ার কারণেই তাকে গুলী করা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।