জুলাই সনদের জনগণের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট আমলের সকল হত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোবারক হোসেন।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে মিছিলসহ জেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া ট্যাংকের পাড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোবারক হোসেন। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, এনডিএফের জেলা সভাপতি ডা. এম এ হানিফ, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুজ্জামান, এইচআরডি সম্পাদক মো. রাজিফুল হাসান বাপ্পি, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রোকন উদ্দিন, দাওয়া সম্পাদক মাওলানা খুরশিদ আলম এবং জেলা ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জুলফিকার হায়দার রাফি ও সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন বলেন, "২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। ছাত্রসমাজের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।"
তিনি আরও বলেন, "আজকের এই দিনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তার ফলাফল হয়েছে, মাত্র ৫ দিনের মাথায় দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের লোকদের পালাতে হয়েছে।"
সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা, গণহত্যা, গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান।