মানববন্ধন
রাজশাহী ব্যুরো: জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী। মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখতে হবে। প্রকল্পের জনবল রাজস্বকরণ করতে হবে। এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন কর্মকর্তারা দাবি করেন, বিগত সরকার এনআইডি সেবাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, সে চক্রান্ত আবারও শুরু হয়েছে। বিগত সময়ে বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের তথ্য চুরির মত ঘটনা ঘটেছে, কিন্তু নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সংরক্ষণের সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। কর্মসূচিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা ও থানা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
চেক বিতরণ
আগৈলঝাড়া (বরিশাল) বরিশালের আগৈলঝাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বরিশাল জেলা পরিষদ কর্তৃক বরাদ্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ও আহত পরিবারের মাঝে ৬৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন
পিরোজপুর সংবাদদাতাঃ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে গতকাল ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১.০০টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন
ফরিদপুর : জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবীতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের কোর্ট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।
দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো, আলাউদ্দীন।
এ সময় মো : আলাউদ্দীন বলেন, জাতীয় পরিচয়পত্র অন্যত্র চলে গেলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ হবে। ১৩ কোটি মানুষের ডাটাবেজ অন্যত্র চলে গেলে তা অরক্ষিত হয়ে যাবে।
মানববন্ধন
শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোটার তালিকা তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ডাটাবেজ সুরক্ষা বিভাগের নামে অন্য কারো অধীনে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝঃধহফ ভড়ৎ ঘওউ কর্মসূচী পালিত হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে ইসির সব সেবা বন্ধ রেখে মানববন্ধন করেছেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসের সকল কর্মকর্তা- কর্মচারীরা।
বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুর শাখার আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সমিতির গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ জুলহাস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হান্নান দেওয়ানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, এআই টেকনিশিয়ানদের (এআইটি) কল্যাণের জন্য পূর্ববর্তী বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (সম্মানজনক ভাতা, দৈনিক হাজিরা), তা দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া তারা নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরেন— একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগের অনিয়ম (নিজ খরচে প্রশিক্ষণ ও যথাযথ প্রক্রিয়াবিহীন নিয়োগ) বাতিল করতে হবে।
স্মারকলিপি
পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
মানববন্ধন
সুনামগঞ্জ : জাতীয় পরিচয়পত্র নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন নির্বাচন কমিশন অফিসার্স এ্যসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞ্চার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার এহসান আহমদ, ডাটা এন্ট্রি অপারেটর আনোয়ার হোসেন, আস্থা প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী লাবনী সরকার প্রমুখ।