মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের দমনে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। এ লক্ষ্যে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। চলমান অভিযানের অংশ হিসেবে চতুর্থবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালিরখাল এলাকায় মেজো জাহাঙ্গীর অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১২ মে) রাত ১টার দিকে কোস্টগার্ড বেস মোংলার সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটক জাহিদুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে বনদস্যু বাহিনীর নেতৃত্ব দিয়ে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলেদের জিম্মি করা এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সুন্দরবনকে সম্পূর্ণভাবে বনদস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।