স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ ইং সনের নির্বাচনকে সামনে রেখে সবুজ প্যানেলের পরিচিতি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে)বিকেলে গাজীপুর জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবীদের ব্যাপক উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সবুজ প্যানেলের প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আইনজীবীদের কাছে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা, আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং সমিতির সার্বিক উন্নয়নই হবে সবুজ প্যানেলের মূল লক্ষ্য।
সবুজ প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন আলহাজ্ব মোঃ শামসুল হক ভূঁইয়া এবং সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়াও সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খাইরুল, সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তফা কামাল পলাশ, কোষাধ্যক্ষ পদে মোঃ শামীম হোসেন মৃধা, লাইব্রেরি সম্পাদক পদে মোঃ শাহিন মিয়া, অডিটর পদে মোঃ আব্দুল আলীম সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ লুৎফুর রহমান প্রধান, মহিলা সম্পাদক পদে আসমা আহমেদ এবং সদস্য পদে আব্দুল্লাহ আল নোমান, মোঃ ইসমাইল হোসাইন, ফাহিম ইবনে জালাল (শাওন), মশিউর রহমান, মোঃ সাইফুল ইসলাম ও হাসানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম কারিগর। ঐক্য, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আইনজীবী সমাজকে আরও শক্তিশালী করতে হবে।
সবুজ প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪(কাপাসিয়) আসনের সংসদ সদস্য মোঃ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ খায়রুল হাসান, এডভোকেট আশরাফুল হকসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী আইনজীবী সমিতি গড়ে তুলতে সবুজ প্যানেলের প্রার্থীরা নিরলসভাবে কাজ করবেন। পরে প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে পরিচয় পর্ব সম্পন্ন হয়।