লালমনিরহাট (পাটগ্রাম) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সিমান্ত এলাকায় বিজির কঠোর প্রতিবাদের মুখে সিমান্তে খুঁটি অপসারণ করতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করার কাজ করছে এমন খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে সিমান্তের জিরো লাইনে নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়। বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় ও কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং সিমান্ত এলাকার জিরো লাইনে স্থাপন করা খুঁটিটি দ্রুত তুলে নিতে বাধ্য হয়।

এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বিএসএফ প্রায় এইরকম বাঁশে খুঁটি স্থাপন করার চেষ্টা করে বিজিবির টহল দল কড়া প্রতিবাদ করলে তখন তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হয়। তিনি বলেন,সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কলসির মুখ সীমান্তে বিএসএফ নিয়ম বহির্ভূতভাবে খুঁটি স্থাপন করলে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিক ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমানে সিমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

ভারতীয় চোরাকারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র ফাঁকা গুলী

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ফাঁকা গুলী ছোঁড়ার খবর পাওয়া গেছে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার গভীর রাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ওই এলাকার মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় বিজিবির টহল কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে সিমান্তে টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় কাটাতারের বেড়াকাটা ছেদ করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা একটি চোরাকারবারি দলকে দেখতে পায় টহলরত বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা চোরাকারবারিদের বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সতর্ক করলেও তারা তা অমান্য করে প্রবেশের চেষ্টা করতে থাকে এবং নির্দেশ অমান্য করে বিজিবির দিকে তেড়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও চোরাকারবারিদের সতর্ক করতে বিজিবি ২ রাউন্ড ফাঁকা গুলী ছোঁড়ে। এ সময় ফাঁকা গুলীর শব্দে চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্ত হতে কাটাতারের বেড়া ছেদ করে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সতর্ক করে। তা অমান্য করায় পরে ফাকা গুলী ছোড়া হয়েছে। বর্তমানে সিমান্ত এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।