পাইকগাছা সংবাদদাতা : খুলনার পাইকগাছা উপজেলায় বিভিন্ন বাজার, রাস্তা ও জনবহুল এলাকায় যত্রতত্র দাহ্য পদার্থ (গ্যাস সিলেন্ডার ফুলারেন্ট, পেট্রোল, ময়লা পটাশ, পেইন্ট রেমুভার ইত্যাদি) বিক্রি হচ্ছে, যা এলাকাবাসীর জন্য এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এসব পদার্থের কারণে অগ্নিকা-ের সম্ভাবনা দিন দিন বাড়ছে, ফলে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় জনগণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের অগোচরে এসব অবৈধ বিক্রি চলায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা তরুন কুমার হালদার জানান, "আমরা প্রতিদিন বাজারে ও রাস্তার ধারে যত্রতত্র এসব দাহ্য পদার্থ বিক্রি হতে দেখি। কখনো কখনো তা দুর্ঘটনার কারণ হতে পারে, কারণ অধিকাংশ জায়গায় এটি বাচ্চাদের কাছে সহজেই পৌঁছায়। আমাদের পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিয়ে আমরা অনেক চিন্তিত। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া।" এদিকে, পাইকগাছা বাজারের এক দোকানি মো. সাইফুল ইসলাম বলেন, "দাহ্য পদার্থের বিক্রি নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ আসছে। তবে প্রশাসন কখনোই যথেষ্ট নজর দেয়নি। অনেক সময় এটি দোকানে আনতে বাধ্য হন কিছু অসাধু ব্যবসায়ী। এই সমস্যার সমাধান না হলে বড় ধরনের বিপদ হতে পারে।"