কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নের আউলিয়াবাদ মাঝিপাড়া থেকে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা একই এলাকার মরহুম চাঁন মিয়ার স্ত্রী ফজিলাতুন নেছা লেবু (৭০)। গত শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়ায় একটি ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের মেয়ে কদবানু, হাসিনা ও সম্পা জানান, গতরাতে (শুক্রবার) নফল রোজার সাহরী খাওয়ার জন্য ৩টার দিকে মাকে ডাক দেয়ার সময়ও মা ঘুমিয়ে ছিলো। আবার ফজরের নামাজে মাকে ডাকতে গেলে তখন দেখি ঘরের দরজা জানালা বন্ধ। পরে সবাইকে জানালে সবাই এদিক সেদিকে খোঁজা খুঁজি করি।
প্রতক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সেচ পাম্পের মালিক ও ড্রাইভার সাত্তার মিয়া ধান খেতে পানি দিতে গিয়ে নিহতের লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে জানালে তারা পুলিশে খবর দেয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমাদের কাছে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ও তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।