ফরিদপুর জেলা সংবাদদাতা

ইন্ড্রাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন-আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, শিল্পকারখানা স্থাপন করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। দেশের অর্থনীতির উন্নতি করতে হলে উৎপাদনমুখী শিল্পকারখানা গড়ে তুলতে হবে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা শাখা ইনডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে চীনের উদাহরণ দেন এবং বিভিন্ন দ্রব্য প্রোডাকশনে ভূমিকা রাখার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি ২০-২৫ বছর সময় পাই তবে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব ইনশা-আল্লাহ। সেক্ষেত্রে ব্যবসায় সততা, আমানতদারিতা ও স্বচ্ছতা জরুরি।

তিনি আরও বলেন, আমাদের কাজ দুইটা। প্রথমত নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসার উন্নয়নে পরামর্শ দেওয়া। তিনি ব্যবসায়ীদের পরামর্শ দেন, অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা এবং আর্থিক ক্ষতি হলেও ভেঙে না পরা। কারণ ব্যবসায়ীদের কখনও লস হয় না, যেখানে লস হয় সেখানে সে অভিজ্ঞতা লাভ করে। অভিজ্ঞতা ব্যবসায় খুবই প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, সর্বোপরি আল্লাহকে স্মরণ রাখতে হবে এবং লাভ-লোকসান সহ সকল পরিস্থিতিতে দান-সদকা করতে হবে। তিনি হাদিসের উদাহরণ দিয়ে বলেন, সৎ ব্যবসায়ী জান্নাতে রাসূলের (সা:) সাথে থাকবেন। আইবিডব্লিউএফ ফরিদপুর জেলা শাখার উদ্যোক্তা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সদস্য মো: আমিনুর রহমান, আইবিডব্লিউএফ এর ফরিদপুর অঞ্চল সেক্রেটারি মো: জাহাঙ্গীর হোসেন, আইবিডব্লিউএফ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: শামীম আতাহার, জাহাজ মালিক সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান বাবলু, কাজী ফার্নিচারের সত্ত্বাধিকারী কাজী কামরুল হাসান, ওষুধ এবং স্বাস্থ্যসেবা ব্যবসায়ী মো: আশরাফ উজ্জামান দুলাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।