বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে এক গৃহবধূ ও তার শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার শিকড় নারহট্ট গ্রামে শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনিয়া খাতুন (৩০) ও তার মেয়ে মেহা মনি (১০)। সোনিয়া খাতুন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সোনিয়া খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কারণে তার দুটি সংসার ভেঙে যায়। এরপর তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার সকালে বাড়ির উঠানে সোনিয়ার মা ও ভাবি রান্না করছিলেন। এ সময় হঠাৎ সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘরের ভেতর থেকে সোনিয়ার লাশ উদ্ধার করা হয়।
এ সময় তার দগ্ধ মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সে মারা যায়। ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পেয়েছেন।