রাজধানীর গুলশান-২ এ অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৬ মে নির্ধারণ করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই দিন নির্ধারণ করেন। এই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন আসামি রয়েছেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করা হয়েছে।
নথি থেকে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন একই আদালত। তারা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১৫ এপ্রিল অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।